দেশের অর্থনীতিতে কর্মসংস্থান ১০ বছর ধরে থমকে আছে। অপেক্ষাকৃত কম উৎপাদনশীল খাতেই কর্মসংস্থান তৈরি হচ্ছে। দেশের সেরা ১০ শতাংশ প্রতিষ্ঠান রপ্তানিতে প্রায় ৭০ শতাংশ অবদান রাখছে। কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের হিস্যা মাত্র ১৫ শতাংশ। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই পোশাক খাতের। এ খাত বিশেষ করে সুবিধাও ভোগ করছে।
বিশ্বব্যাংক অন্যদেরও সুবিধা প্রদানের পরামর্শ দিয়েছে। সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ঢাকার বনানীর কার্যালয়ে আজ সোমবার এক সেমিনারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।












































