বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএফআইইউ ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন প্রধান অতিথি ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএফআইইউর উপপ্রধান কর্মকর্তা মো. মফিজুর রহমান খান চৌধুরী।
বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন ব্যাংক খাতে মানি লন্ডারিং তথা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সততা, সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।












































