এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় যাত্রা শুরু করেছে গবেষণাপ্রতিষ্ঠান সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক (সাচিন)। প্রতিষ্ঠানটির স্লোগান ‘থিঙ্ক সার্কুলার, ইনোভেট রিজিওনালি, ইমপ্যাক্ট গ্লোবালি’। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, এই স্লোগানে এমন একটি এশিয়ার স্বপ্ন প্রতিফলিত হয়েছে, যা সার্কুলার ইকোনমি বা বৃত্তকার অর্থনীতি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেবে।
প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে বাংলাদেশের পোশাকশিল্পকে কেন্দ্র করে কার্যক্রম শুরু করেছে। তবে পর্যায়ক্রমে কৃষি, উৎপাদন, নির্মাণ ও আবাসন, স্বাস্থ্যসেবা, প্লাস্টিক, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক পরিষেবা, পানি ও স্যানিটেশন, জাহাজনির্মাণসহ অন্যান্য শিল্প খাতে কাজ করার পরিকল্পনা তাদের রয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাচিনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রীতি চক্রবর্তী বলেন, গবেষণা, উদ্ভাবন, নীতিনির্ধারণী সম্পৃক্ততা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এশিয়াজুড়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া আমাদের লক্ষ্য।












































