বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান কাঁচা পাট রপ্তানির অনুমতি পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মোট ৬ হাজার ৩৭৭ টন কাঁচা পাট রপ্তানি করতে পারবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে। কাঁচা পাট রপ্তানির বড় অংশই যাবে ভারতে।
অন্তর্বর্তী সরকারের আমলে গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত হয় যে অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানি করতে হবে। কিন্তু ওই ১৮টি প্রতিষ্ঠান আগেই রপ্তানির বিপরীতে আমদানিকারকের টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) পেয়েছিল। তাই এখন তাদের বিশেষ এই সুবিধা দেওয়া হয়।
অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে তাসফিয়া জুট ট্রেডিং। এ প্রতিষ্ঠান রপ্তানি করতে পারবে ১ হাজার ৭৪০ টন কাঁচা পাট। আর সবচেয়ে কম অর্থাৎ ৬০ টন কাঁচা পাট রপ্তানি করার অনুমতি পেয়েছে গাজী জুট ইন্টারন্যাশনাল।












































