বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকিং খাতে নৈতিকতা, সুশাসন, ঋণ শৃঙ্খলা ও মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকের চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের জন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে। এখন থেকে দুর্নীতি, ঘুস, অর্থপাচার ও জালিয়াতির বিরুদ্ধে লিখিত অঙ্গীকারনামায় তাদের স্বাক্ষর করতে হবে।
বিএফআইইউ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে করপোরেট গভর্ন্যান্স, ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কার্যকরী সক্ষমতার অভাব পরিলক্ষিত হয়েছে।
বিশেষ করে বেশ কিছু বছর ধরে ব্যাপক পরিমাণে ঋণ জালিয়াতি সংগঠিত হয়েছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে নৈতিক মানদণ্ড, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ প্রতিরোধ ব্যবস্থাকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।












































