চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক দিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে। গত ৩০ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় নির্ধারিত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়।
এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড। এর আগে, গত ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড গড়া হয়েছিল।
শুধু এনসিটি নয়, একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।












































