গ্রীষ্ম মৌসুমের অন্যতম দেশি ফল তরমুজ। তাপমাত্রা বেশি থাকায় গরমকালে রসালো এ ফলের বেশ চাহিদা থাকে। প্রতিবছরই এটির চাহিদা ও চাষাবাদ বাড়ছে। বদৌলতে গত চার বছরে দেশে তরমুজ উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরে যেখানে ১৭ লাখ ৮৯ হাজার টন তরমুজ উৎপাদন হয়েছে, সেখানে সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৩৫ লাখ ৫২ হাজার টনে উঠেছে।
মাঝে ২০২১-২২ অর্থবছরে ২৫ লাখ ৪৭ হাজার টন ও ২০২২-২৩ অর্থবছরে ৩৬ লাখ ৩৬ হাজার টন তরমুজ উৎপাদন হয়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে তরমুজ উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
তাঁরা বলছেন, উৎপাদন বেশি হওয়ার কারণে গতবারের তুলনায় তরমুজের দাম এবার কিছুটা কম।












































