ইসলামী ব্যাংক রক্ষায় গভর্নরের কাছে আমানতকারীদের স্মারকলিপি দেওয়া হয়েছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রচেষ্টার অভিযোগ তুলে এসব স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ ব্যানারে ভুক্তভোগী গ্রাহকরা এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে গ্রাহকের আস্থা অর্জন করেছে। প্রবাসী আয় আহরণ, ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন, শিল্প-বাণিজ্যে বিনিয়োগ এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে ব্যাংকটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তবে অতীতে রাষ্ট্রীয় সহায়তায় এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং প্রক্সি পরিচালকের মাধ্যমে পরিচালনা পর্ষদে প্রভাব বিস্তার করে। এর ফলে ঋণ জালিয়াতি, সংশ্লিষ্ট পক্ষকে সুবিধা প্রদান, সুশাসনের অবক্ষয় এবং দুর্বল তদারকির কারণে ব্যাংকটি গুরুতর সংকটে পড়ে।












































