পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগেই পদত্যাগ করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিমিয়া সাদাত। এরই মধ্যে তিনি ব্যাংকটির এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ১৪ মে থেকে তাঁকে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ছিল। এর আগে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এই ঘটনা নিয়ে ব্যাংক খাতে আবারও নানা আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেন, একজন পেশাদার ব্যাংকারকে দুর্নীতি ইত্যাদি প্রমাণিত অভিযোগ ছাড়া পদত্যাগ করানোর সুযোগ নেই।
কিমিয়া সাদাত ২০২৫ সালের এপ্রিলে কমিউনিটি ব্যাংকের নেতৃত্বে আসেন। এর পর থেকেই ব্যাংকটি উন্নতি করতে শুরু করেছিল। কিমিয়া সাদাতের মেয়াদে (এপ্রিল ২০২৫-ডিসেম্বর ২০২৫) ব্যাংকটির নিট মুনাফা ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।












































