রংপুরে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, রংপুর অঞ্চল এখনো শিল্পায়নের দিক থেকে অনেক পিছিয়ে। তাই এ অঞ্চলে শিল্প স্থাপনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন, নতুন শিল্পে কর রেয়াত, প্রণোদনা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ শর্তে অর্থায়ন–সুবিধা জরুরি।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত প্রাক্–বাজেট মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন রংপুর অঞ্চলের ব্যবসায়ীরা। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।












































