বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা বেশির ভাগ সবজি ও মাছ অনেকটা নির্দিষ্ট দামে বিক্রি করছেন। ওই দামের চেয়ে কমে মাছ–সবজি বিক্রি করতে চান না বিক্রেতারা। বাজারভেদে দামের পার্থক্য থাকে। তবে দেখা গেছে, একটি বাজারের প্রায় সব দোকানেই নির্দিষ্ট দামে এসব পণ্য বেচাকেনা হয়। সেখানে দরাদরির সুযোগ কম।
গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে বেশি দাম বেড়েছে শসা, টমেটো, পেঁপে, ঝিঙে ও চিচিঙ্গার। আজ বাজারে প্রতি কেজি শসা বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে এই দাম ছিল ৫০–৬০ টাকা।
বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনে গাড়িভাড়া বেড়েছে। আর গত তিন দিনে বৃষ্টির কারণে পণ্যের সরবরাহ কিছুটা কমেছে। এই দুই কারণে বাজারে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।












































