সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেওয়া হচ্ছে

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেওয়া হচ্ছে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের লক্ষ্যে সাক্ষাৎকার নিতে শুরু করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকে আজ বুধবার ছয় ব্যাংকার সাক্ষাৎকার দেন। এর মধ্যে ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সাবেক এমডি জাফর আলম। তিনি এস আলমের নিয়ন্ত্রণ ও লুটপাটের সময় ব্যাংকটির এমডি ছিলেন।

ব্যাংকটি এস আলমমুক্ত হওয়ার পর জাফর আলম চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর সাক্ষাৎকার নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি পদে মোট ১২ জন আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিনে আজ বুধবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জাফর আলমসহ সাউথইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মো. ছাদেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) জাকির হোসেনের সাক্ষাৎকার নেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।