সরকার ফ্যামিলি কার্ডধারীদের জন্য ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য এ তেল কেনা হবে। আজ বৃহস্পতিবার উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার একটি প্রস্তাব অনুমোদন পায় ক্রয় কমিটির বৈঠকে। এ তেল সরবরাহ করবে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহায়া এনার্জি। ২৮২ কোটি ৫৭ লাখ টাকা মোট খরচ হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৪১ টাকা ২৮ পয়সা। প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি লিটার ১ দশমিক ১৫১ মার্কিন ডলারে সয়াবিন তেল সরবরাহ করবে। মোট ২ কোটি লিটার তেলের জন্য ব্যয় দাঁড়াবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৫৭ লাখ টাকা হয়। টিসিবির হিসাব অনুযায়ী, গুদাম পর্যন্ত পরিবহন ও অন্যান্য ব্যয় যুক্ত করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা ৫৬ পয়সা পড়বে। স্থানীয় বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা নির্ধারণ করা আছে।
সরকার ফ্যামিলি কার্ডধারীদের জন্য ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে
সূত্র: প্রথম আলো

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।











































