দেশের বাজারে সোনার দাম আবার বেড়ে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সন্ধ্যায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের মানের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে। এর আগে আজ সকালে দাম কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় নেমেছিল।
বাজুস জানিয়েছে, আজ সন্ধ্যায় যে দাম বাড়ানো হয়েছে, তা সন্ধ্যা সাতটা থেকে দেশের বাজারে কার্যকর করা হয়েছে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।












































