বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় আজ বুধবার দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। ভরিপ্রতি সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। আজ বুধবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গতকাল সোনার দাম কমানো হয়েছিল। এর আগেও একাধিকবার সোনার দাম কমানো হয়েছে। গতকাল দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা। আজ দাম ঠিক সেই পরিমাণ বৃদ্ধি করা হলো।
সোনার নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
আজ সকালে মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।












































