উৎপাদন খরচ ও ব্যাংকঋণের সুদ বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক চাপে পড়েছে ইলেকট্রনিক পণ্য খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। বাড়তি উৎপাদন খরচ ও ঋণের সুদের চাপে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি প্রায় ৫৬ কোটি টাকা লোকসান করেছে। গত বছরের একই সময়ের কোম্পানিটি লোকসান করেছিল ৩৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে ২১ কোটি টাকা।
এ অবস্থায় বড় অঙ্কের লোকসান কোম্পানিকে লাভে ফেরাতে দুটি করণীয় নিয়ে ভাবছেন কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রথমত, ব্যবসার পরিচালনার যত খাতে খরচ কমানোর সুযোগ রয়েছে, সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগিয়ে লোকসান কমিয়ে আনা। দ্বিতীয়ত, পণ্যের দাম কিছুটা বাড়িয়ে হলেও ব্যবসার লোকসান কমানো।
কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ বাড়ানোর পথে এখনই তাঁরা যেতে চান না। আগে তাঁরা চান নানা খাতের খরচ কমিয়ে প্রথমত লোকসান যতটা সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এরপর অন্য কোনো উপায় না থাকলে বা পরিস্থিতির উন্নতি না হলে সে ক্ষেত্রে পণ্যের দাম কিছুটা সমন্বয় করা হবে।












































