বিশ্ব নৃত্য দিবসের আমেজ শিল্পকলা একাডেমিতে। বুধবার শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। এই আয়োজনে দেশের এক শটির বেশি নৃত্য সংগঠনের ছয় শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এবার বিশ্ব নৃত্য দিবসের প্রতিপাদ্য ‘ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তি’।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক (তথ্য সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়) উপদেষ্টা জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক ও নৃত্য পরিচালক আমানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘তোরা সব জয়ধ্বনি কর’ দিয়ে শুরু হয়েছিল প্রথম দিনের নৃত্য পরিবেশনার পালা। নৃত্য পরিচালনায় ছিলেন ফিফা চাকমা। এরপর বেনজির সালামের পরিচালনায় ‘একি অপরূপ রূপে মা তোমায়...’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যছন্দের শিল্পীরা।





























































