যৌনপল্লির মেয়েদের জীবন একদিকে যেমন রঙিন, তেমন অন্যদিকে রয়েছে শূন্যতার গল্প। এমন মানুষের গল্প খুব একটা সামনে আসে না। আড়ালেই থেকে যায় তাঁদের জীবনের কথা। এমন মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘রঙবাজার’ এবার প্রকাশ্যে এল। কেউ বছরের পর বছর জড়িত এই যৌনকাজে, কেউ সবে এসেছেন। এ ছাড়া দেশের নানা প্রান্ত থেকে অনেক মেয়েকে বিক্রি করা হয় এই যৌনপল্লিতে, যাঁদের সবারই আলাদা আলাদা গল্প। সেগুলো সিনেমায় উঠে এসেছে। একসময় তাঁদের জীবন কঠিন বাস্তবতার মধ্যে পড়ে। সেই সিনেমা এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সিনেমার পরিচালক রাশিদ পলাশ জানান, সিনেমাটি দর্শকদের জন্য এবার লাইভ টেকনোলজিসের ‘সিনেম্যাটিক’ অ্যাপে মুক্তি দেওয়া হয়েছে।পলাশ বলেন, ‘পৃথিবীর আদিমতম একটি গল্প আমরা বলছি। হাজার বছরের পুরোনো গল্পটি আমরা বলছি। কারণ, পুরো পৃথিবীতে যৌনবৃত্তি শুধু শরীরে নয়, এটা মগজেও; সেটাই আমরা গল্পে দেখিয়েছি। সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। এর মধ্যে মানবিকতার ছোঁয়া ও জীবন রয়েছে।’ এটি ওটিটিতে গতকাল রোববার মুক্তি পায়।





























































