পবিত্র ঈদুল ফিতরে এসেছে বালামের পঞ্চম একক অ্যালবাম 'মাওলা'র চারটি অডিও গান। এই ঈদে আসছে অ্যালবামের টাইটেল সং 'মাওলা'র মিউজিক ভিডিও। 'মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা'—এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। গতকাল শনিবার ঢাকার বনানীর ক্লাব নটর ডেমিয়ানসে প্রকাশ করা হয় গানটির ভিডিওচিত্রের ট্রেলার। এটি নির্দেশনা দিয়েছেন তানিম রহমান।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালামের পরিবার ও সংগীতাঙ্গনে তাঁর কাছের মানুষেরা। হামিন আহমেদ, শেখ মনিরুল আলম ছাড়াও ছিলেন হাবিব ওয়াহিদ, আলিফ আলাউদ্দিন, কোনাল, এলিটা, আনিকা, ফারশিদ আলম, কাজী ফয়সাল আহমেদ প্রমুখ। সবাই বালামের সঙ্গে বিভিন্ন সময়ের কাজের অভিজ্ঞতা ও বন্ধুত্বের গল্প শোনান।
সংবাদ সম্মেলনের শুরুতেই বালাম জানান, ২০২০ সালে করোনা মহামারিতে সবাই যখন ঘরবন্দী, তখনকার কোনো এক মধ্যরাতে 'মাওলা' গানের প্রথম দুই লাইন মাথায় আসে। এরপর তাতে সুর দেন। সুর করা হলে তা তিনি শেয়ার করেন গীতিকার রশিদ নিউটনের সঙ্গে। এরপর আস্তে আস্তে পুরো গানটি তৈরি হয়।






























































