চরকিঈদুল ফিতরে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে 'দম'। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহের পর সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরও আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরী।
হইচইঈদুল ফিতরে সাড়াজাগানো আরেকটি সিনেমা 'বনলতা এক্সপ্রেস'। হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তানিম নূরের সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটিতে। সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।
আইস্ক্রিনঈদুল আজহা উপলক্ষে ২৬ মে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম 'সারার সংসার'। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস আর্তনাদ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আকা রেজা গালিব পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। গল্পে উঠে এসেছে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রামের গল্প। জটিল ও আবেগঘন এই চরিত্রেই মৌকে দেখা যাবে। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, নাফিসা মালিয়াত ও মনীষা শিকদার।






























































