ভিডিও গেম থেকে সিনেমায় এগিয়ে আসছে 'মর্টাল কম্ব্যাট'। আগামীকাল শুক্রবার ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে 'মর্টাল কম্ব্যাট ২'। একই দিনে বাংলাদেশের স্টার সিনেমাক্সেও মুক্তি পাবে এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাবে বলে আশা করছেন পরিচালক সাইমন ম্যাকোয়েড। এতে অভিনয় করছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেনসহ আরও অনেকে।
পর্দায় এবারের গল্প এগিয়ে গেছে পৃথিবী-রাজ্য বা আর্থরেল্মকে রক্ষা করার লড়াইকে ঘিরে। আউটারওয়ার্ল্ডের ভয়ংকর সম্রাট শাও কানের উত্থানে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। পৃথিবীর রক্ষকদের সামনে তৈরি হয় চূড়ান্ত সংকট।






























































