দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। বছর ঘুরে তারকাবহুল জাঁকজমক এ আয়োজনের ২৭তম আসর বসেছে আজ শুক্রবার। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মূল আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। তার আগে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে লালগালিচায় হাজির হচ্ছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। সন্ধ্যা ছয়টায় নানা চমক নিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান।
প্রতিবারের মতো এবারের আয়োজনেও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ দেওয়া হবে। কারা এই পদক ও সম্মাননা পাবেন, তা নিয়ে প্রতিবছরই দর্শক, শিল্পী, কলাকুশলীদের কৌতূহল লক্ষ করা যায়। পুরস্কারপ্রাপ্ত তারকাদের নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সন্ধ্যায় সেই কৌতূহলের অবসান হবে।
এ আসর প্রতিবারের মতো ‘আজীবন সম্মাননা’ দিয়ে শুরু হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নানা চমক। এতে অংশ নেবেন দেশের তারকারা। এ অনুষ্ঠানের ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারগুলো তুলে দেবেন বিনোদন অঙ্গনের গুণী তারকারা।





























































