অভিবাসনকে ঘিরে সাফল্যের গল্প যেমন রয়েছে, তেমনি আছে অন্ধকার বাস্তবতা—মানব পাচার, দালালের প্রতারণা, ঝুঁকিপূর্ণ যাত্রা আর স্বপ্নভঙ্গের কাহিনি। এই দুই বাস্তবতাকেই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে দেশে শুরু হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। এই উৎসবে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে অভিবাসনকেন্দ্রিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে। ফিকশন, অ্যানিমেশন বা ডকুমেন্টারি—যেকোনো ধারায় নির্মিত চলচ্চিত্র জমা দেওয়া যাবে। মুঠোফোনসহ সহজলভ্য যেকোনো ডিভাইস ব্যবহার করেই অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যাতে নতুন নির্মাতারাও সহজে যুক্ত হতে পারেন। চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ মিনিট।
আয়োজকদের মতে, অভিবাসনের ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা, বিদেশে প্রতারণার শিকার হওয়া, মানসিক ট্রমা কিংবা পরিবারের ওপর প্রভাব—এসব বিষয় চলচ্চিত্রে উঠে আসতে পারে।
চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ১ এপ্রিল থেকে, যা চলবে ২৫ মে পর্যন্ত। আগ্রহী ব্যক্তিরা এই লিংকের মাধ্যমে চলচ্চিত্র জমা দিতে পারবেন। এ ছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘দেশে-প্রবাসে’ ফেসবুক পেজে।






























































