চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এখন সরগরম বিএফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস। সেই নির্বাচনের পরিবেশ দেখতে গতকাল রোববার সমিতির অফিসে এসেছিলেন অভিনেত্রী রঞ্জিতা কনা। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে নির্বাচনসহ নানা বিষয়ে আড্ডা জমে যায়। কিন্তু ফেরার পথে এই অভিনেত্রীর সঙ্গে ঘটে ছিনতাইয়ের মতো দুর্ঘটনা। এতে অভিনেত্রীর কান ছিঁড়ে যায়। পরে সাতটি সেলাই লাগে।
এমন ঘটনায় বেশ ভয়ে পেয়ে যান ‘ঢাকা ৮৶’–র নায়িকা রঞ্জিতা। পরে তাঁকে অভিনয়শিল্পী সমিতির সদস্যদের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁকে দেখতে ভিড় করতে থাকেন সহকর্মীরা। এ ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।’
এ ঘটনায় চিৎকার করারও সময় পাননি রঞ্জিতা। ভয়ে কোনো কথাও বলতে পারছিলেন না। তিনি লক্ষ করেন, কান থেকে তাঁর দুল টান দিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি। তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নাই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে গেছে। আমার কান দুই ভাগ হয়ে গেছে।’






























































