টেলিভিশন বিনোদনের কেন্দ্রে ছিল ধারাবাহিক নাটক। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ধারাবাহিক নাটকই ধীরে ধীরে দর্শকের আগ্রহ হারাতে থাকে। এমন বাস্তবতার মধ্যেই সম্প্রতি নতুন করে আলোচনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিকটি প্রচারের পর থেকেই প্রশংসা কুড়ায়। চলতি মাসের শুরুতে ৫২ পর্ব প্রচারের মধ্য দিয়ে নাটকটি শেষ হয়েছে।
ধারাবাহিকের এই সাফল্য ধরে রাখা যাবে কি না—এই প্রশ্ন এখন বিনোদন অঙ্গনে আলোচনার বিষয়। নাট্যজন আবুল হায়াত মনে করেন, ধারাবাহিক নাটকের মূল শক্তি হলো গল্পের গাঁথুনি। তাঁর মতে, শুধু ভালো গল্প থাকলেই হবে না, প্রতিটি পর্ব এমনভাবে শেষ করতে হবে, যাতে পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক।
একই সঙ্গে আবুল হায়াত ভাষার ব্যবহারের দিকেও জোর দেন। কৃত্রিম ভাষা বা অস্বাভাবিক সংলাপ মানুষকে নাটক থেকে দূরে সরিয়ে দেয়। চরিত্র ও পটভূমি অনুযায়ী স্বাভাবিক ভাষা ব্যবহার করা জরুরি।






























































