প্রচার শুরুর পর থেকেই আলোচনায় মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। নাটকটি যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বেলা ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আসবে এর শেষ পর্ব। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।
সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে সিরিজটির রচয়িতা-পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার স্বপ্নের একটি কাজ ছিল “এটা আমাদেরই গল্প”। আমার ভালো লাগছে যে এটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি।
দর্শকেরা আমাদের এই সিরিজসংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এ জন্য তাঁদের ধন্যবাদ। “এটা আমাদেরই গল্প”র দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চার গুণ বেশি হচ্ছে।






























































