ফেরদৌসী মজুমদার ও আফজালের ইচ্ছাপূরণ—এক টেলিছবিতে চার প্রজন্ম

ফেরদৌসী মজুমদার ও আফজালের ইচ্ছাপূরণ—এক টেলিছবিতে চার প্রজন্ম

চার প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হলো একটি টেলিছবি। যার কেন্দ্রে আবেগ যেমন আছে, আছে ইচ্ছাপূরণের গল্পও। নির্মাতা আরিফ খান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছেন টেলিছবি ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। যেখানে একসঙ্গে পর্দায় দেখা যাবে ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, দীপা খন্দকার, রওনক হাসান, জাকিয়া বারী মমর মতো তারকাদের।

এই টেলিছবির যাত্রা শুরু হয় একটি ব্যক্তিগত ইচ্ছা থেকে। গত বছর একটি নাটকের শুটিং চলাকালে আফজাল হোসেন নির্মাতা আরিফ খানকে বলেছিলেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছা, ফেরদৌসী মজুমদারের সঙ্গে কাজ করার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় কাজ করলেও এই দুই গুণীশিল্পীর একসঙ্গে পর্দায় আসা হয়নি। সেই অপূর্ণতাই পূরণ করলেন আরিফ খান।

এই টেলিছবির আরেকটি বড় দিক হলো, এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ, যিনি দীর্ঘদিন পর আবার টেলিছবির গল্প লেখায় ফিরলেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, শুরুতে একাধিক নাট্যকারের সঙ্গে আলোচনা হলেও কাঙ্ক্ষিত গল্প পাওয়া যাচ্ছিল না। পরে তৌকীর আহমেদকে ভাবনার কথা জানালে তিনি আগ্রহী হন এবং এমন একটি গল্প দাঁড় করান, যা পুরো টিমকেই মুগ্ধ করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।