২০০৩ সালে পপগানে নতুন স্বাদ নিয়ে আসে ‘কৃষ্ণ’। লোকগানের ফিউশন অ্যালবামটিতে হাবিব ওয়াহিদ আর কায়ার যুগলবন্দী তরুণদের মন জয় করে। পরের বছর কায়া ও হেলালকে নিয়ে হাবিব প্রকাশ করেন মায়া নামের আরেকটি অ্যালবাম। ২২ বছরের বিরতির পর ফিরছে হাবিব–কায়া জুটি। ২৭ মে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে তাঁদের গান ‘কই রইলা রে’। এতে এই দুই সংগীতশিল্পীর সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী মুজা।
হাবিব ওয়াহিদ বলেন, ‘গানটি নিয়ে অনেক রোমাঞ্চিত, কারণ প্রায় ২২ বছর পর কায়া ভাইয়ের সঙ্গে কোনো কাজ মুক্তি হচ্ছে। গানটির রেকর্ডিং অনেক আগে হলেও এখনকার স্টাইল এবং অ্যাপ্রোচ অনুযায়ী মিউজিক করা হয়েছে।’
হাবিব বলেন, ‘ভবিষ্যতে একটি দারুণ স্মৃতি হয়ে থাকবে। কায়া ভাইয়ের মাধ্যমে সিলেটি গান দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম, আর মুজাও সিলেটি এবং সে ছোটবেলা থেকেই কায়া ভাইয়ের কৃষ্ণ, মায়া অ্যালবাম শুনে অনুপ্রাণিত হয়েছে। তো তিনজন প্রথমবার একসঙ্গে, আশা করি শ্রোতারা ভালো কিছু পাবেন।’






























































