হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনা নতুন নয়। এই বিতর্কে সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছেন শার্লিজ থেরন। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী ১০ বছরে এআই হয়তো অনেক অভিনেতার কাজই করতে পারবে, এমনকি টিমোথি শ্যালামের মতো তারকার কাজও এআই করবে। কিন্তু মঞ্চে সরাসরি পরিবেশনার বিকল্প কখনোই হতে পারবে না।
এই মন্তব্যের পেছনে রয়েছে টিমোথি শ্যালামের একটি মন্তব্য। সম্প্রতি এক আলোচনায় এই হলিউড অভিনেতা বলেছিলেন, অপেরা বা ব্যালেকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ওই মাধ্যমের শিল্পীরা, তিনি চান না সিনেমার অবস্থাও অপেরা বা ব্যালের মতো হোক।
শ্যালামে বলেন, সার্বিকভাবে সিনেমা নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে। তাঁর ভাষায়, মানুষ যদি দেখতে চায়, তারা নিজেরাই আসবে।
এই বক্তব্যেই আপত্তি জানান শার্লিজ থেরন। তাঁর মতে, এটি শুধু একটি আলটপকা মন্তব্যই নয়, বরং দুটি গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম অপেরা ও ব্যালে সম্পর্কে একধরনের অবমূল্যায়ন।






























































