বাংলা সিনেমায় লোকজ সংস্কৃতি, মিথ ও মানবিক আবেগ তুলে ধরার ক্ষেত্রে পরিচালক মেজবাউর রহমান সুমন ইতিমধ্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করেছিল। লোককথা, মিথ এবং সমকালীন বাস্তবতার মিশেলে নির্মিত সেই চলচ্চিত্র যেমন দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়, তেমনি এর গানগুলোও আজও সমানভাবে আলোচিত ও সমাদৃত।
সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র ‘রইদ’ ইতিমধ্যে দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করেছে। কিছুদিন আগে প্রকাশিত প্রথম গান ‘রইদ আইলা গা জুড়াইতে’ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরের দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই আবহের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’।
গানটি প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘মেজবাউর রহমান সুমন ভাইয়ের মতো একজন ফাইনেস্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করা সব সময়ই আমার জন্য সৌভাগ্যের। এর আগেও আমরা একসাথে অনেক অসাধারণ কাজ করেছি। তবে এই প্রজেক্টটি আমার জন্য আরও স্পেশাল, কারণ সদ্য প্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি।’






























































