প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০: ৩৬ সুসময় চলছে বাংলাদেশের সিনেমার। অনেক সিনেমাই দেশের পাশাপাশি বিদেশের উৎসব ও প্রেক্ষাগৃহে ভালো করছে। এই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে প্রিয়াম অর্চি অভিনীত দুটি চলচ্চিত্র। লন্ডনের একটি উৎসবে প্রদর্শিত হবে সিনেমা দুটি—‘নির্বাণ’ ও ‘দি আনএক্সপেক্টেড’। মস্কো ও ইউরেশিয়া চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘নির্বাণ’। এটি লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে। সেন্ট্রাল লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ব্লক সিনেমা হলে আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রিয়াম অর্চি। অন্যদিকে ‘দি আনএক্সপেক্টেড’ চলচ্চিত্রটি লন্ডনেই নির্মিত। সিনেমাটি গত বছর শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ইউএস প্রিমিয়ার হয়েছিল। আগামী ৩ মে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এর ইউকে প্রিমিয়ার হবে।
এছাড়া প্রিয়াম অর্চি অভিনীত ‘দেশলাই’ চলচ্চিত্রটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে ‘নির্বাণ’-এর স্ক্রিনিং প্রসঙ্গে প্রিয়াম অর্চি বলেন, ‘স্ক্রিনিংটা ভালোই হয়েছে। দর্শকসংখ্যা তুলনামূলক কম ছিল। ফেস্টিভ্যালটি এখনো নতুন, তবে প্রদর্শনী শেষে দু-একটি অর্থবহ প্রশ্ন পেয়েছি, যা আমার কাছে গুরুত্বপূর্ণ।’
অভিনয়ে ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজের অবস্থান স্বতন্ত্র করেছেন প্রিয়াম। টেলিভিশন, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্র—বিভিন্ন মাধ্যমে কাজ করলেও তিনি কাজের সংখ্যার চেয়ে বেছে নেওয়া কাজের প্রতি বেশি গুরুত্ব দেন।






























































