স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস নাটক 'গোলমাথা আর চোখামাথা' নিয়ে আসছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বেইলির রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী রয়েছে।
জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটকটি অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু এবং নির্দেশনা দিচ্ছেন মহসিনা আক্তার। নাটকটি নিয়ে স্পর্ধা বলছে, 'দীর্ঘদিনের অভিনয় প্রশিক্ষণ শেষে স্পর্ধার প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এ প্রযোজনার মধ্য দিয়ে তাঁদের শেখার যাত্রার শেষ ধাপটি মঞ্চে তুলে ধরবেন।'
কেন নাটকটি করছেন? জানতে চাইলে নির্দেশক মহসিনা আক্তার প্রথম আলোকে বলেন, 'দুটো কারণে নাটকটা করার সিদ্ধান্ত নিই। প্রথমত, ব্রেখটের তীক্ষ্ণ রাজনৈতিক সচেতনতা। গণ–অভ্যুত্থান–পরবর্তী আমাদের দেশের অবস্থাকে এত ভালোভাবে আর কোনো নাটক চিত্রিত করতে পারত বলে আমার মনে হয় না।'






























































