মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ তারকা জরিপে অংশ নিয়ে লটারিতে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট জিতেছেন খুলনার পাঠক ইয়াছিন আরাফাত। গত ২৮ এপ্রিল লটারিতে বিজয়ী নির্ধারণ করেন তারকারা। লটারিতে তমা মির্জার হাত দিয়েই উঠেছিল তাঁর নাম। গতকাল প্রথম আলো কার্যালয়ে সেই অভিনেত্রীর কাছ থেকেই পুরস্কারটি গ্রহণ করেন ইয়াছিন আরাফাত।
মেগা পর্বের প্রথম পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়াছিন আরাফাত জানালেন, তমা মির্জার ফোন পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। নিশ্চিত হতে তাঁর সময় লেগেছে। তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে কুপন পূরণ করছি। এ বছরে এসে পুরস্কার পেলাম।’ একজনকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে পারবেন তিনি। জানা গেল, তিনি অবিবাহিত। তাহলে সঙ্গে কাকে নেবেন? জানতে চাইলেন বলেন, মা–বাবা আছে না!
পাঠকের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ তারকা জরিপ পুরস্কার পেয়েছেন আফরান নিশো, তমা মির্জা, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, ইমরান মাহমুদুল, জেফার রহমান ও শাম্মী ইসলাম নীলা। ২৪ এপ্রিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই পুরস্কার।






























































