এফডিসি থেকে নায়িকার ফোন চুরি, চায়ের কাপ এগিয়ে দিলেন কে

এফডিসি থেকে নায়িকার ফোন চুরি, চায়ের কাপ এগিয়ে দিলেন কে

চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের ব্যবহৃত আইফোন চুরির ঘটনা ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আলোচনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডাবিং চলাকালে চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে আসা এক ব্যক্তি কৌশলে তাঁর ফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে জানা যায়, ওই ব্যক্তি ছিলেন ভুয়া পরিচয়ধারী।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিয়ে কথা বলেন তানহা তাসনিয়া। তিনি জানান, পরিচালক গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’–এর ডাবিং চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে। একই ডাবিং সেশনে ছিলেন জয় চৌধুরীও। কাজ শেষ করে জয় বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে নিজেকে তাঁর চালক বলে পরিচয় দেন।

তানহা তাসনিয়ার ভাষ্য, ‘লোকটা এসে বলল, জয় স্যার শিল্পী সমিতিতে আছেন। যেহেতু সে নিজেকে জয়ের চালক বলেছে, তাই সন্দেহ করিনি। সে ডাবিং রুমেই ছিল। পরে চা আনা হলে ওই লোকটাই আমার হাতে চায়ের কাপ এগিয়ে দেয়। আমি আবার ডাবিংয়ে ব্যস্ত হয়ে যাই। ফোনটা তখন চায়ের কাপের পাশেই রাখা ছিল। ডাবিংরুম তো অন্ধকার থাকে। কিছুক্ষণ পর এসে দেখি ফোন নেই, লোকটাও নেই।’

এরপর জয় চৌধৰীর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওই ব্যক্তি তাঁর প্রকৃত চালক নন। তখনই বিষয়টি স্পষ্ট হয় যে পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবেই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।