প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ০৬ চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী মিজানুর রহমানের করা এক প্রতারণা মামলায় গত ১৮ এপ্রিল গ্রেফতার করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল শনিবার, ২৫ এপ্রিল। এবার বাবার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ নিয়ে মুখ খুললেন পূজা চেরি। বর্তমান পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি।
আজ, ২৬ এপ্রিল, সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে নায়িকা বলেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’
ব্যক্তিগত ও পেশাগত স্বতন্ত্রতা তুলে ধরে এ নায়িকা বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।’






























































