প্রিয় বন্ধুর সঙ্গে সংসার শুরু

প্রিয় বন্ধুর সঙ্গে সংসার শুরু

ক্রিকেট প্রেজেন্টার ও অভিনেতা গৌরব কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী কৃতিকা কামরা। এপ্রিলে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিরিজ ‘মটকা কিং’। ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক, ক্যারিয়ার ও নতুন সিরিজ নিয়ে একান্ত আলাপচারিতায় খোলামেলা কথা বললেন অভিনেত্রী।

কৃতিকা বলেন, ‘সত্যি বলতে খুব বেশি বদল আসেনি। বরং বিয়ের পরের সময়টা খুব স্বচ্ছন্দে কাটছে। কারণ, আমরা আগে থেকেই একে অপরকে খুব ভালোভাবে চিনতাম। এই বাড়ির সাজসজ্জার কাজও আমি নিজে করেছি, তাই আগেই নিজেকে এই বাড়ির অংশ বলে মনে হয়েছে।’

ছোটবেলা থেকেই স্বনির্ভর জীবনে অভ্যস্ত কৃতিকা। বোর্ডিং স্কুলে পড়াশোনা, অল্প বয়সে মুম্বাইয়ে এসে কাজ—সব মিলিয়ে একা থাকা বা সংসার সামলানো কৃতিকার কাছে নতুন নয়। ‘এখন সেই জীবনটাই আমার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে ভাগ করে নিচ্ছি। তাই সবকিছু আরও সুন্দর লাগছে,’ বলেন অভিনেত্রী।

কৃতিকার মতে, তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান। ‘দুই সঙ্গীর মধ্যে বন্ধুত্ব থাকলে সম্পর্ক অনেক সহজ হয়ে যায়। শুরু থেকেই আমাদের মধ্যে সেই জায়গাটা ছিল। আমরা একে অপরের ব্যক্তিগত পরিসর, কাজ এবং যাত্রাকে সম্মান করি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।