বলিউডে এক দশক পার করেছেন সানিয়া মালহোত্রা। তাঁর বড় অর্জন আত্মবিশ্বাস। সময়কে সঙ্গে নিয়ে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি। শিখেছেন নিজের অবস্থানে দৃঢ় থাকতে, সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজন হলে স্পষ্টভাবে ‘না’ বলতে। এখনকার সানিয়া অনেক বেশি সচেতন; নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেন, কাজ বেছে নেওয়ার ক্ষেত্রেও আর আগের মতো দ্বিধায় ভোগেন না।
নেটফ্লিক্সের সিনেমা ‘টোস্টার’-এর প্রচারণায় সেই আত্মবিশ্বাসী সানিয়াকেই পাওয়া গেল। ১৫ এপ্রিল মুক্তি পাওয়া ছবিটির প্রচারণায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে বারবার ফিরে এসেছে তাঁর শুরুর দিনগুলোর লড়াইয়ের গল্প।
সানিয়া জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে সুযোগ হারানোর আতঙ্ক তাঁকে সব সময় তাড়া করত। নতুন একজন অভিনেত্রীর কাছে প্রতিটি প্রস্তাবই তখন গুরুত্বপূর্ণ, ফলে ‘না’ বলা হয়ে উঠত প্রায় অসম্ভব।






























































