বলিউডের সিকুয়েলের ধারণা নতুন নয়; কিন্তু এমন গল্প খুব কমই আছে, যেখানে একটি ব্লকবাস্টার ছবির দ্বিতীয় কিস্তির বীজ রোপিত হয়েছে জেলের ভেতরে; আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন সঞ্জয় দত্ত। প্রায় তিন দশক আগে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ আজও জনপ্রিয়। আর সেই ছবির উত্তরাধিকার নিয়ে আবার ফিরতে চলেছে ‘খলনায়ক রিটার্নস’। নতুন সময়ের ভাষায় পুরোনো চরিত্রের পুনর্জন্ম। এই প্রত্যাবর্তনের গল্পটা শুধু সিনেমার নয়; বরং এক মানুষের ব্যক্তিগত যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
জেলের ভেতরে ‘বল্লু’–কে ফিরে পাওয়া নব্বইয়ের দশকের মাঝামাঝি। ব্যক্তিগত ও আইনি জটিলতায় জর্জরিত জীবন, আর তারই অংশ হিসেবে জেলে কাটানো সময়—এই অধ্যায়টি সঞ্জয় দত্তের জীবনের সবচেয়ে আলোচিত ও কঠিন সময়গুলোর একটি।
কিন্তু আশ্চর্যজনকভাবে, সেই অন্ধকার সময়ই হয়ে ওঠে এক সৃষ্টিশীল মুহূর্তের সূচনা।






























































