ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পায় ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তার আগে গত ১৬ মার্চ কর্তন সাপেক্ষে সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছিল সার্টিফিকেশন বোর্ড। সেই তারাই আবার ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে। সার্টিফিকেশন বোর্ড বলছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না।
কর্তন করা দৃশ্য জুড়ে দিয়েছেন প্রযোজক। কী কী দৃশ্য ছিল, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সার্টিফিকেশন বোর্ডের এক সদস্য প্রথম আলোকে জানান, মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচার মানুষকে কুপিয়ে হত্যার দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি বাদ দেওয়া হয় চাপাতি দিয়ে একজনের হাত ও গলা কাটার দৃশ্য।
এসব দৃশ্য বাদ দেওয়ার অঙ্গীকার করে সার্টিফিকেশন সনদ নেন প্রযোজক। তবে শেষ পর্যন্ত তিনি অঙ্গীকার রক্ষা করেননি। সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন প্রথম আলোকে জানান, সিনেমাটি কর্তন করা দৃশ্যসহ সিনেমা হলে প্রদর্শন করেছেন প্রযোজক।






























































