আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন আজ সন্ধ্যা ৬টায়। উপস্থিত থাকবেন শিল্পী প্রফেসর জামাল আহমেদ। আজ শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানান, এমব্রেস অব দ্য আর্থ একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প উপস্থাপনা। এটি স্মৃতি, স্থান ও রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত।
জলরঙ ও অ্যাক্রিলিকে নির্মিত প্রায় ৩৬টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা ও নগর জীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধ তৈরি করে। শৈশব ও কৈশোরে গ্রামের মাটির পথের ধুলা, শান্ত খাল-বিল, বিস্তীর্ণ নদীর পাড় এবং কৃষিনির্ভর জীবনের ছন্দের ভেতর বেড়ে উঠেছেন রাজিব আহসেন।
শিল্পচর্চায় তিনি কৃত্রিম বয়ানের পরিবর্তে জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবন ও তাদের সরল সৌন্দর্য তার শিল্পভাষাকে স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ করেছে।






























































