তামিল সিনেমার অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। এবার কারণ তাঁর ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়কে নিয়ে ভক্তদের মন্তব্য শুনে লজ্জায় হেসে ফেলতে দেখা গেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে নতুন তামিল সিনেমা ‘কারুপ্পু’র প্রদর্শনীতে। দীর্ঘ বিলম্বের পর অবশেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। সিনেমা দেখে হল থেকে বের হওয়ার সময় তৃষাকে ঘিরে ধরেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা তৃষাকে উদ্দেশ করে এক ভক্ত চিৎকার করে বলেন, ‘থালাপতিকে বলবেন আমি তাঁর খোঁজ নিয়েছি!’‘থালাপতি’ নামটি মূলত বিজয়ের জনপ্রিয় উপাধি। ভক্তের এমন মন্তব্যে তৃষা লাজুক হেসে উত্তর দেন, ‘কান্ডিপা’, অর্থাৎ ‘অবশ্যই বলব’। এরপর তাঁকে মাথা নিচু করে মুঠোফোনের দিকে তাকাতে দেখা যায়। পরে তিনি হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছাও জানান।
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কারণ, গত কয়েক মাস ধরেই তৃষা ও বিজয়ের কথিত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। তাঁর সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান।
সেই অনুষ্ঠান থেকেও বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়। এক ভিডিওতে দেখা যায়, বিজয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তৃষা। আরেকটি ছবিতে বিজয়ের মা শোভার সঙ্গে তাঁকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে নিজের অনুষ্ঠানের সাজের ছবি পোস্ট করে তৃষা লেখেন, ‘ভালোবাসার শব্দ সব সময়ই সবচেয়ে জোরালো।’






























































