পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা সব কটি পদে জয়ী হয়েছেন। সভাপতি পদে মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ছাড়াও জেলা জামায়াতের আমির নাজমুল আহসানের নেতৃত্বে আরেকটি প্যানেলও ৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ (জাপা) অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নেননি।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০২ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে মো. মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল আহসান পান ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পান ৬৯ ভোট।














































































