বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে হঠাৎ একটা দুর্যোগ এসে গেছে। ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে। আমি আসতে আসতে দেখলাম, পেট্রলপাম্পগুলোতে অনেক মোটরসাইকেল। এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যার কিছুটা তৈরি করা।
মির্জা ফখরুল বলেছেন, দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে, যা আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকারক। আমি প্রশাসনকে বলেছি, এটার দিকে নজর দিতে হবে। কেউ যেন কোনোভাবেই এই দুর্যোগের সময়ে দুর্নীতি করে তেল বিক্রি করে ফায়দা লুটতে না পারে, তার ব্যবস্থা করতে হবে।
ঠাকুরগাঁওয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এখানে একটি মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের জন্য রোববার ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ চলছে। বিমানবন্দর চালুর প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক চার লেন করার কাজ শুরু করেছি। ঠাকুরগাঁও শহরের বাইপাসের কাজও হাতে নেওয়া হয়েছে। রুহিয়া থানাকে উপজেলা হিসেবে ঘোষণার অনুমোদন পেয়ে যাব। ভুল্লী থানাকে উপজেলায় রূপান্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে কাজ শুরু করেছি।














































































