ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্থানীয় বিরোধের জেরে বিএনপি নেতা চাচা এবং তাঁর ভাতিজাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার রূপপাত ইউনিয়নের কদমী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কদমী গ্রামের বাসিন্দা মৃত কুদ্দুস মাতুব্বরের ছেলে রহমান মোল্লা (৪৬) ও তাঁর ভাতিজা সুমন শেখ (২৭)। রহমান মোল্লা ঢাকায় ব্যবসা করেন এবং বোয়ালমারী উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক। সুমন শেখ রূপপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রহমান মোল্লার সঙ্গে রূপপাত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।














































































