প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৭: ৪৪ নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ (৩১) নামের যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবদলকর্মী শাকিল উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের পাটোয়ারীবাড়ির আলমগীরের ছেলে। তিনি একই ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী। আহতরা হলেন—মো. আলাউদ্দিন (৫০), মহর আলী (৫৯), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে মাহফুজুর রহমান (২২), মেয়ে নাসরিন আক্তার (১৮), আলমগীর হোসেন (২৬) ও জহির (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মাসুদের ছেলে ইমন (১৯) আরেক বিএনপিকর্মী মাহফুজকে মারধর করে।














































































