ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের অভাবে মানুষের দুঃখ বেড়েই চলেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এলপিজি সিলিন্ডারের সরকার–নির্ধারিত দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও ২ হাজার ২০০ টাকা নিচে সিলিন্ডার পাওয়া যায় না। ঢাকা শহরে ১-২ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়। গ্যাস ছাড়া চুলা জ্বালানোর জ্বালানি নেই। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় রুমিন ফারহানা এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া–২ নির্বাচনী এলাকায় ঘরে ঘরে নতুন গ্যাস–সংযোগ চেয়ে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন রুমিন। অবশ্য বিষয়টি নিয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্যের পর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘মেঘনা ও তিতাসপারের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেববর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া। কীর্তন ও বাউলগানের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার “বামুনভাইরা”। দিগন্তজোড়া হাওরের দেশ ব্রাহ্মণবাড়িয়া। আবার তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া।’
রুমিন বলেন, বাংলাদেশের শিল্প–সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এ মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা, যাঁদের কল্যাণে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে।














































































