জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারের বয়স দুই মাসের বেশি হয়নি। কিন্তু বিভিন্ন জায়গায় দলীয়করণ শুরু হয়েছে। সব জায়গায় ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন রফিকুল ইসলাম। বৈষম্য ও একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এখন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। জেলা পরিষদে, বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সচিবালয়ে যেসব কর্মকর্তা ফ্যাসিবাদী আমলে ওএসডি ছিলেন, এখন আবার তাঁদের ওএসডি করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগে এটি বেশি হচ্ছে।
গণভোটের রায় বাস্তবায়ন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে—মন্তব্য করে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তাব বিএনপির ছিল। এখন গণভোটের রায় কার্যকর করা নিয়ে বিপত্তি দেখা দিয়েছে।
রফিকুল ইসলাম বলেন, সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, দেশে আর কোনো সমস্যা নেই, সমস্যা হলো বিরোধী দল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এসব বিষয়ে তাদের কোনো কথা নেই।














































































