গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দেওয়ান আবদুর রশিদ এবং নির্বাহী সমন্বয়কারী হিসেবে আবুল হাসান রুবেল দায়িত্বে বহাল থাকছেন। দলের এক বিশেষ সাংগঠনিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল ও আজ সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে দলের বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আহ্বান ছিল, ‘জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করেন। একই সঙ্গে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে দলের ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের সদস্যদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।














































































