দেশে হামে সাড়ে তিন শর বেশি শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ দোষী ব্যক্তিদের বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)। একই সঙ্গে চিকিৎসাব্যবস্থা রাষ্ট্রীয়করণ এবং হামের চিকিৎসার জন্য জরুরি ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছে সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, শিশুমৃত্যুর ঘটনায় বর্তমান সরকার ও বিরোধীদের মধ্যে অদ্ভুত মিল দেখা যাচ্ছে। এমনকি সংসদ অধিবেশনেও শিশুমৃত্যু নিয়ে কোনো যথাযথ উদ্যোগ বা আলোচনা দেখা যায় না।
সমাবেশ শেষে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কলাভবন, ডাকসু ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।














































































