আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের পর বর্তমান সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। তিনি আগে যে দলে ছিলেন, সেই দল গণতন্ত্র থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ইসহাক সরকার বলেন, ‘তাঁবেদারি ও ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে আবারও মাঠে নামতে হবে। বর্তমান শাসকগোষ্ঠী আওয়ামী লীগের মতো একই কায়দায় ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হলে তাদের পতন ঘটানোর জন্য আমরা রাজপথে নেমে আসব, বেশি সময় নেব না।’
ইসহাক সরকার বলেন, ‘যৌবনের শ্রেষ্ঠ সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে রাজপথে নেমে এসেছিলাম। আমি মনে করি, এনসিপির মাধ্যমেই এ দেশের মানুষের মুক্তি মিলবে।’
ইসহাক সরকার বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। এই গণরায়কে ভূলুণ্ঠিত করতে চাইলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।’














































































